শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে গিয়ে অপদস্থ প্রাধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ থানার পুলিশ ও প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় নিজ বাসভবনে যেতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের প্রাধ্যক্ষ। কিন্তু এর আগে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে তাঁকে জলাঞ্জলি দিতে হয়েছে অনেক কিছুই। হলের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে গিয়ে তাঁকে শুনতে হয়েছে মাংস চোর, কম্পিউটার চোর আর অকথ্য গালাগালি। অভিমানে গতকাল উপাচার্যের কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছেন তিনি।সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ মাস আগেও এফ রহমান হলে থাকত বহিরাগতরা, হলের মেসে খাওয়া-দাওয়া করত বাইরের লোকেরা। ওই অবস্থায় গত বছরের ২৪ এপ্রিল হলের দায়িত্ব পান আজিজুর রহমান। উদ্যোগ নেন হল থেকে অছাত্রদের বের করার। নিয়মিত ছাত্রদের সিট বরাদ্দ দেন, শুধু হলের ছাত্রদের মেসে খাওয়ার ব্যবস্থা করেন। প্রাধ্যক্ষের এসব পদক্ষেপকে স্বাগত জানান সাধারণ ছাত্ররা। কিন্তু বাদ সেধেছেন হলে অবস্থানকারী ছাত্রলীগের নেতা নামধারী কিছু অছাত্র। প্রাধ্যক্ষ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই ছাত্রসংগঠনের নেতা নামধারী গুটি কয়েক লোক আমার কাজে বাধা দেওয়া শুরু করে। এরা একসময় হলে নিয়োগ ও ছাত্র তোলার বাণিজ্য করত। আমার বিভিন্ন উদ্যোগকে তারা তাদের কাজে বাধা মনে করে বিশৃঙ্খলা শুরু করে।’হলের সাধারণ শিক্ষার্থীরা জানান, এক মাস আগে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ছাত্রদের হল ছাড়ার নোটিশ দিয়েছিলেন হল প্রাধ্যক্ষ। গতকাল রাত ১১টায় আবাসিক শিক্ষকদের সঙ্গে নিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালান তিনি। ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ৩১০ নম্বর কক্ষের বাসিন্দা মশিউর রহমান (পদ নেই কিন্তু নেতা) ও ২০৫ নম্বর কক্ষের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রেজা সেকান্দারকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই ওই দুজন তাঁদের অনুসারীদের নিয়ে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মিছিল শুরু করেন। এ সময় নেতা-কর্মীরা প্রাধ্যক্ষকে অকথ্য ভাষায় গালি দেন এবং তাঁকে হল ছেড়ে চলে যেতে বলেন। প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষক মাহবুব কায়সার ও আশফাক হোসেনকে লাঞ্ছিত করেন তাঁরা। বাধ্য হয়ে প্রাধ্যক্ষের কক্ষে অবস্থান নেন সবাই। সেখানে তাঁদের প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা এসে তাঁদের উদ্ধার করেন।আজিজুর রহমান বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। সেখানে বলেছি, আপনার প্রশাসনকে আমি বিব্রত করতে চাই না বিধায় আপনি চাইলে আমি শর্ত সাপেক্ষে দায়িত্ব পালন করতে রাজি আছি। শর্ত হলো, হলে অবস্থানকারী অছাত্র মশিউর রহমান, রেজা সেকান্দার ও অঙ্কুরকে হল থেকে বের করে দিতে হবে। একই সঙ্গে আমার সহকর্মীদের লাঞ্ছিত করায় তাদের শাস্তি দিতে হবে।’ উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, প্রাধ্যক্ষ লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।