শৃঙ্খলা বজায় রাখতে জেনারেলদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাহিনীর মধ্যে শৃঙ্খলা (চেইন অব কমান্ড) বজায় রাখার মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর মেজর জেনারেল ও তদূর্ধ্ব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে গতকাল সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ‘জেনারেলস কনফারেন্সে’ দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। খবর বাসসের।সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। এতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও সেনাবাহিনীর সব লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর প্রধান মো. জিল্লুর রহমান বলেন, গতিশীল নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এই বাহিনীর উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘প্রতিটি সেনানিবাসসহ অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সেনাবাহিনীর উন্নয়নের দায়িত্ব আপনাদের ওপর ন্যস্ত।’ রাষ্ট্রপতি অবকাঠামো নির্মাণ, ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র তৈরি ও ভোটার তালিকা প্রণয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ জাতীয় উন্নয়নে অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এর আগে পৃথক এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম রাষ্ট্রপতিকে বিজয় দিবস স্মারক পিন পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধান এ বছরের বিজয় দিবসের প্রতিপাদ্য-সংবলিত স্মারক ক্রেস্ট রাষ্ট্রপতির হাতে তুলে দেন।এই প্রথমবারের মতো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনী বিজয় দিবস উদ্যাপনে ‘বিজয় থেকে বিজয়ে’ প্রতিপাদ্য নির্ধারণ করেছে।