শৃঙ্খলাভঙ্গের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলাভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৯ মে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি তাঁদের বহিষ্কার করে বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
বহিষ্কৃত ছয় শিক্ষার্থী হলেন ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ওয়ালিদুর রহমান, ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিমন শিকদার, সংগীত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার চৌধুরী, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরাজ চৌধুরী, দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান ও নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জিয়াউর হক মজুমদার। ওয়ালিদুর রহমানকে স্থায়ীভাবে এবং অন্যদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তাঁকে মারধরের ঘটনায় ওয়ালিদুরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। গত ১৯ এপ্রিল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতিকে মারধরের ঘটনায় রিমন শিকদারকে, সেদিন আরেক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাহরিয়ার, শাহরাজ, মাহমুদ ও জিয়াউরকে বহিষ্কার করা হয়েছে।
ওয়ালিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মেডিকেল সেন্টারে ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সেদিন রাতে অনেকে এ ঘটনার প্রতিবাদ জানান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বহিষ্কার হতে হবে, তা-ও আবার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, আমি তা ভাবতেও পারছি না। আশা করছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবে।’
প্রগতিশীল ছাত্রজোট এ বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেউ বহিষ্কার হতে পারে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। নইলে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলবে।
ওই ছাত্রীর লিখিত অভিযোগের পর চিকিৎসকের শাস্তির দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৩ মার্চ ওই চিকিৎসককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও প্রতিরোধ সেল তদন্ত করে ওই চিকিৎসক নির্দোষ বলে প্রতিবেদন দাখিল করে।