শেওড়াপাড়া-কাজীপাড়ায় গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ছিল। ফলে ওই এলাকার হাজার হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েন।

অবশ্য গতকাল বুধবার মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ওই এলাকায় মাইকিং করেনি। সন্ধ্যা ৬টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ছিল বলে ওই এলাকার বাসিন্দারা প্রথম আলো কার্যালয়ে ফোন করে জানান।

রাত সাড়ে নয়টার পর এ বিষয়ে যোগাযোগ করা হলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির পরিচালক (অভিযান) আলী আশরাফ প্রথম আলোকে বলেন, গ্যাসলাইন মেরামতের কাজ চলছে। আধঘণ্টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।