শেওড়াপাড়ায় ডাকাতির চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় গত শুক্রবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
ওই বাড়ির দারোয়ান আবদুল মালেক জানান, রাত সাড়ে তিনটার দিকে চার-পাঁচজনের একটি দল ২১/১-এর সি পূর্ব শেওড়াপাড়ায় বায়তুস সালাম জামে মসজিদের উল্টো পাশের দেলোয়ার হোসেনের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। একপর্যায়ে ওই ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন ছুটে এলে অস্ত্রধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদের গলিতে রাতে একদল যুবক মাদক সেবন করে ও পাশের পাম্পের ভেতরে বসে জুয়া খেলে। এ ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, এর আগেও ওই পাম্পে অভিযান চালানো হয়েছিল। এখন থেকে ওই এলাকায় পুলিশ টহল দেবে।