শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের অবরোধ ও ভাঙচুর
পোশাকশ্রমিকেরা বিভিন্ন দাবিতে গতকাল বুধবার দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় বেগম রোকেয়া সরণি প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা এ সময় একটি পোশাক কারখানা ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শ্রমিকের মৃত্যুর গুজবে গতকাল বেলা দুইটার দিকে পূর্ব শেওড়াপাড়ার আউট রাইট ও আউট ওয়্যার ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রোকেয়া সরণিতে নেমে আসেন। তাঁরা সড়ক অবরোধ করে শ্রমিকদের ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে র্যাব ও পুলিশ এসে রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তাঁরা ফুটপাতে অবস্থান নেন। এর মধ্যে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিক এসে বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীরা এরপর পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন হাজী আশ্রাফ আলী সুপার মার্কেটের এস কিউ সোয়েটার থেকে শ্রমিক নামিয়ে আনতে গেলে কর্তৃপক্ষের লোকজন তাঁদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা ওই পোশাক কারখানাটিতে ঢিল ছোড়েন। তাঁরা কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। পুলিশ ও র্যাব কর্মকর্তারা তাঁদের নিশ্চিত করেন, কোনো শ্রমিক মারা যায়নি। তাঁরা মালিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দেওয়ার পর শ্রমিকেরা বিকেল পাঁচটার দিকে রাস্তা থেকে সরে যান।ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, পুলিশ শ্রমিকদের পেটায়নি। মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা রাস্তা থেকে সরে যান।