শেকল ছেড়ে সুস্থ জীবনে মজনু
শেকলে বাঁধা মাদকাসক্ত সেই মজনু আজ সুস্থ। সুস্থ মজনুকে গতকাল মঙ্গলবার তাঁর বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার পর গোটা পরিবারে আনন্দ ছড়িয়ে পড়ে। অথচ টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে একসময় মজনুকে লোহার শেকলে বেঁধে রাখতেন বাবা-মা।নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্যাবাড়ি গ্রামের সরকারি জমিতে বাস করে মজনু ও তাঁর পরিবার। দিনমজুর বাবা আবদুর রহমানের আয়ে চলত চার সদস্যের পরিবার। মজনু ও তাঁর বোন সুলতানা স্কুলে পড়ত। নবম শ্রেণীতে উঠেই মাদকাসক্তদের পাল্লায় পড়েন মজনু। মাদকের নেশা ক্রমেই তাঁকে উন্মাদ ও হিংস্র করে তোলে। টাকা না পেলে ও মাদক সেবনে বাধা দিলে পরিবারের সদস্যসহ এলাকার লোকদের মারপিট করতেন মজনু। ২০০৬ সালের শেষের দিকে মজনুকে তাঁর বাবা-মা পাবনার মানসিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসার খরচ জোগাতে না পারায় তাঁকে বাড়িতে এনে পায়ে শেকল পরিয়ে দেওয়া হয়। শেকলে দুই বছর বন্দী থেকে একরকম নির্বাক হয়ে পড়েন তিনি। এ নিয়ে ২০০৯ সালের ২৫ জানুয়ারি প্রথম আলোয় ‘ভদ্র, শান্ত, বিনয়ী মজনুর শেকলে বাঁধা জীবন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পড়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম মজনুর চিকিৎসা ও তাঁর পুনর্বাসনের দায়িত্ব নেন। ওই বছরের ১ ফেব্রুয়ারি মজনুকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এক বছর দুই মাস চিকিৎসার পর সুস্থ মজনুকে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ তাঁর বাবা-মায়ের হাতে তুলে দেয়। মজনু বলেন, ‘আমার মাদক সেবনের সূত্রপাত কেউ জানে না। সন্ধ্যা হলে বন্ধুদের সঙ্গে এখানে-ওখানে বেড়াতে যেতাম। কেউ বলত, এভাবে না, কিছু না খেলে বেড়ানোর আসল মজা হয় না। প্রথমে আমল দিইনি। পরে একদিন রাজি হলাম। ওদের সঙ্গে গাঁজা খেলাম। সেই শুরু। অনেক চেষ্টা করেছি, কিন্তু ছাড়তে পারিনি। নেশার টান উঠলে আর ঠিক থাকতে পারতাম না।’ সুস্থ জীবনে ফেরা এই তরুণ বলেন, ‘না বুঝে নেশা করেছিলাম। আমার মতো আর কেউ যেন মাদকাসক্ত না হয়।’বাবা আবদুর রহমান দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘কী যে দিন গেছে! কত কষ্ট, কত যন্ত্রণা! চিকিৎসা করার টাকা নাই, চিন্তায় চিন্তায় শেষ হয়ে গিয়েছিলাম। এ ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।’