শেকলে বাঁধা মহিউদ্দিন আগুনে পুড়ে ছাই
রিকশা চালাতেন মহিউদ্দিন। মাস দুই আগে মা-বাবা তাঁকে বিয়ে দেন। তাঁর অপ্রকৃতিস্থ ভাব দেখে স্ত্রী কিছুদিন আগে বাপের বাড়ি চলে যান। মানসিকভাবে অসুস্থ মহিউদ্দিন যখন-তখন মানুষের গায়ে হাত তোলেন। এই দেখে মা-বাবা মহিউদ্দিনকে (২৫) পায়ে শেকল পরিয়ে ঘরে বেঁধে রাখতেন। সেই শেকল পরানোই যে কাল হবে কে জানত?গত শুক্রবার বিকেল পাঁচটা। মহিউদ্দিনের বাবা মো. নূরন্নবী রিকশা চালাতে বেরিয়েছিলেন। আর মা গিয়েছিলেন ছেলের বউকে বাপের বাড়ি থেকে আনতে। ঘরে একা মহিউদ্দিন, পায়ে শেকল পরানো। হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হয়। সেই আগুনে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে পুড়ে মারা যান মহিউদ্দিনও। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী এলাকার পালপাড়ায়।প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, শেকলে বাঁধা থাকায় মহিউদ্দিন ঘর থেকে বেরুতে পারেননি। ওই ঘরে আগুন জ্বলতে দেখে লোকজন এগিয়ে এসেছিল। কিন্তু ওপরে বিদ্যুতের তার থাকায় আগুন নেভাতে পারেনি তারা। নূরুন্নবী ও তাঁর প্রতিবেশী রফিকের ঘরে এক ঘণ্টা ধরে আগুন জ্বলে।সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নূরন্নবী একটা কাঠের টুকরো দিয়ে ছেলের মরদেহ টেনে আনার চেষ্টা করছেন। আগুন তখনো পুরোপুরি নেভেনি। তিনি জানান, ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। যাকে-তাকে মারধর করত। বাধ্য হয়ে পায়ে শেকল পরিয়েছিলেন তাঁরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।