শেখ কামাল ও শেখ জামালকে মুক্তিযোদ্ধা সনদ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ কামাল, শেখ জামাল, শেখ আবু নাসের, আবদুর রব সেরনিয়াবাত ও শেখ ফজলুল হক মনিকে মুক্তিযোদ্ধা সনদ দিয়েছে সরকার। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলামের কাছ থেকে প্রয়াত শেখ কামাল ও শেখ জামালের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দুই ভাইয়ের সনদ গ্রহণ করেন। অপরদিকে সাংসদ ফজলে নূর তাপস তাঁর বাবা শেখ ফজলুল হক মনির এবং শেখ জালাল উদ্দিন রুবেল তাঁর বাবা শেখ আবু নাসেরের সনদ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। খবর বাসসের।১৯৭১ সালে দেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধুর দুই ছেলে শেখ কামাল ও শেখ জামাল, ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত ও ভাগনে শেখ ফজলুল হক মনিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই সনদ প্রদান করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে নিহত হওয়ার ৩৫ বছর পর এই মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়া হলো। এই হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায় এবং মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে চিহ্নিত।শেখ কামাল ও শেখ জামালের সনদ গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি কীভাবে তাঁর দুই ভাই যুদ্ধক্ষেত্রকে শত্রুমুক্ত এবং বন্ি দদশা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন, তার বর্ণনা দেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, যাঁরা দেশকে পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে মুক্ত করেছেন, সেই সব বীর সন্তানের কল্যাণে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার এর আগেরবার ক্ষমতায় থাকাকালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রস্তুত করেছিল এবং তিনি নিজেই ৭০ হাজার মুক্তিযোদ্ধার সনদে স্বাক্ষর করেছিলেন। তিনি দুঃখের সঙ্গে বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ওই তালিকা বাতিল করে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ দেয়। তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করা হয়েছে এবং তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার শুধু ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করেই ক্ষান্ত হয়নি, তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল। শেখ হাসিনা জাতির বৃহত্তর স্বার্থে তরুণ প্রজন্মের সামনে দেশের স্বাধীনতাযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু, সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত ও অধ্যাপক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।