শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সুস্থ দেহ-মনের অধিকারী ক্রীড়াবিদের একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে আন্তস্কুল ও আন্তজেলা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলাকে গ্রামাঞ্চলে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় জড়িত রাখলে তা সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে তাদের দূরে থাকতে এবং দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে ব্যাপকভাবে সহায়তা করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ভিত্তিপ্রস্তর স্থাপন ও সর্বাধুনিক শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের নকশার ফলক উন্মোচন করেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আবাহনী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক কাজী শাহেদ আহমেদ ও আবাহনী ফ্যান ক্লাবের উপদেষ্টা কাজী আবদুল হাকিমও অনুষ্ঠানে বক্তব্য দেন।শেখ হাসিনা বলেন, এই ক্রীড়া কমপ্লেক্স দেশে খেলাধুলা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় শেখ রেহানা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আবাহনী ক্লাব প্রাঙ্গণে এলে তাঁর দুই ভাইয়ের কথা মনে পড়ে।