শেখ কামালের জন্মদিন আজ
আজ ৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁকেও ঘাতকেরা হত্যা করে।
শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) পাস করেন। তিনি ছায়ানটের সেতারবাদন বিভাগেরও ছাত্র ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পীগোষ্ঠী। ব্যক্তিজীবনে শেখ কামাল শিল্প-সংস্কৃতির পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় উৎসাহী ছিলেন। তিনি ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা।
কর্মসূচি: শেখ কামালের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে সকাল আটটায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ও সকাল নয়টায় বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল হওয়ার কথা রয়েছে। সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।
শেখ কামালের জন্মবার্ষিকীর অনুষ্ঠান যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।