শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ক্রীড়ানুরাগী শেখ কামালের ৬১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, পবিত্র কোরানখানি, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচি পালন করেছে।সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে বনানী কবরস্থানে শেখ কামালের কবরে শ্রদ্ধা জানান তাঁরা। এরপর বনানী কবরস্থানে দলের পক্ষ থেকে পবিত্র কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা মাহবুব-উল-আলম, ওবায়দুল কাদের, আবদুল লতিফ সিদ্দিকী, আবদুল মান্নান খান, জাহাঙ্গীর কবির, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ, শেখ কামাল পরিষদ, আবাহনী ক্লাব, আবাহনী সমর্থক গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন শেখ কামালের প্রতিকৃতি ও কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।