শেখ মুজিব মেডিকেলে ভাষাসৈনিক মতিন

ভাষাসৈনিক আবদুল মতিনকে আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। উন্নত চিকিত্সার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্যোগে তাঁকে সেখানে আনা হয়েছে।
বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, আবদুল মতিনের অবস্থা সংকটজনক। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে আইসিইউতে রাখা হবে।
এর আগে গতকাল সোমবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল মতিনকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পা অবশ হয়ে গেছে বলে সেখানকার চিকিত্সকেরা জানান।
আবদুল মতিনের পারিবারিক ও রাজনৈতিক ঘনিষ্ঠজন এবং বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু গতকাল প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আবদুল মতিন। গতকাল দুপুরে তিনি স্ট্রোক করেন। তাঁকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও পরে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।