পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের নামে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে অবস্থিত লিয়াকত আলী স্মৃতি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম পরিবর্তন করে এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ করার সিদ্ধান্ত হয়েছে। ১০ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির এক সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ৬৬ বছর পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকিস্তান প্রতিষ্ঠার তিন বছর পর ১৯৫০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ীর গুলিতে নিহত হন। তাঁর মৃত্যুর পর নারুয়া বাজারের বটতলায় শোকসভার আয়োজন করা হয়। সভা শেষে লিয়াকত আলী স্মৃতি উচ্চবিদ্যালয় নামে একটি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়। ১৯৫১ সালে নারুয়া বাজার এলাকায় ওই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
অধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে কলেজ পর্যায়ে উন্নীত করা হয়। বর্তমানে বিদ্যালয় শাখায় ২০ জন ও কলেজ শাখায় ৩২ জন শিক্ষক কর্মরত আছেন। ২ একর ৪০ শতাংশ জমির ওপর স্থাপিত প্রতিষ্ঠানটিতে দেড় হাজার শিক্ষার্থী রয়েছে।
লিয়াকত আলী স্মৃতি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম সিরাজুল হক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য স্থানীয়রা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হয়। সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এটি জাতির জনকের নামে করতে পারায় আমাদেরও ভালো লাগছে।’
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও এইচ এম রকিব হায়দার নাম পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে বলেন, রাজাকার, আলবদরসহ স্বাধীনতাবিরোধীদের নামে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি সিদ্ধান্ত এসেছে।