প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ১ নভেম্বর বিভিন্ন সংবাদপত্রে এক লেখায় বলেছিলেন, তাঁর বাবা-মা ও ভাইদের নামে বিভিন্ন সংগঠন গড়ে তোলার প্রতিযোগিতা শুরু হয়েছে। কোথাও কোথাও স্বার্থান্বেষী কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে খালি জায়গা দখল করে তাঁদের নামে সংগঠন গড়ে তুলেছেন।শেখ রেহানা আওয়ামী লীগের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী ব্যক্তিদের প্রতি বিনীত আবেদন করে বলেছিলেন, ‘যদি কোথাও তেমন নামকরণ করতেই হয়, আমাদের অনুমতি নিতে হবে।’শেখ রেহানার এই লেখা যেদিন ছাপা হয়, ঠিক সেদিনই নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের পাশে প্রায় নয় কোটি টাকার প্রায় দুই বিঘা জমি ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলের নামে গড়ে তোলা একটি ভূঁইফোড় সংগঠনের নামে দখল করা হয়েছে। ওই জমিতে সেদিন সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান। এর আগে ২০০৯ সালের ৪ ডিসেম্বর ওই স্থানের জলাশয় ভরাটের কাজ এবং শেখ রাসেল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান।এ ঘটনার পর পাট ব্যবসাপ্রতিষ্ঠান জোহা অ্যান্ড ব্রাদার্স ৭ নভেম্বর ও মেহের আলী নামের একজন স্থানীয় বাসিন্দা ৩ নভেম্বর তাঁদের জমি দখল করার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দখল করা ওই জমির মধ্যে প্রায় ৩৭ শতাংশ জোহা অ্যান্ড ব্রাদার্সের ও ১০ শতাংশ মেহের আলীর। আর বাকিটুকু রেলওয়ে ও নারায়ণগঞ্জ পৌরসভার।জিডিতে জোহা অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মীর সামছুল আজম উল্লেখ করেন, তাঁদের ৩৬ দশমিক ৯৪ শতাংশ জমিতে বিদ্যালয় নির্মাণের নামে কিছু লোক জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণ করছেন। অথচ ওই জায়গার ওপর নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের স্থিতাবস্থা রয়েছে (মামলা নম্বর ৩৮০/০৮)। ভুক্তভোগী মেহের আলী অভিযোগ করেন, শেখ রাসেল ইনস্টিটিউটের নামে প্রায় দুই বিঘা জমি দখল করা হয়েছে। এর মধ্যে তাঁর ১০ শতাংশ জমি রয়েছে। এখানে প্রতি শতাংশ জমির দাম প্রায় ১৫ লাখ টাকা। তিনি এ ব্যাপারে পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াতের অভিযোগ, এই ভূঁইফোড় সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ রাসেলের নাম ভাঙিয়ে অবৈধভাবে পৌরসভার সম্পত্তি দখল করেছেন। পৌরসভার অনুমতি ছাড়া জলাশয় ভরাট করা হয়েছে। তিনি বলেন, পৌরসভার সম্পত্তি দখলের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, জিডির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।সাবেক সাংসদ শামীম ওসমান বলেন, ‘শেখ রাসেল ইনস্টিটিউটের সীমানাপ্রাচীরের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে উদ্যোক্তারা আমাকে প্রধান অতিথি করেন। হাজীগঞ্জ এলাকার সর্বদলীয় লোকজন একটি বিদ্যালয় করার জন্য জায়গাটি নিয়েছেন। সেখানে আমার বক্তব্যে স্পষ্ট বলে এসেছি, শেখ রাসেল ইনস্টিটিউটের জমি নিয়ে কারও সঙ্গে কোনো সমস্যা থাকলে তা যেন উদ্যোক্তারা মিটিয়ে ফেলেন।’শেখ রাসেল ইনস্টিটিউটের প্রধান উদ্যোক্তা ও জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মজিদ খোন্দকার নারায়ণগঞ্জ সদর উপজেলা জাপার (এ) সভাপতি। তিনি দাবি করেন, একটি বিদ্যালয় করার জন্য রেলওয়ের কাছ থেকে জমি ইজারা নেওয়া হয়েছে। বাকি জমি পৌরসভা, জোহা অ্যান্ড ব্রাদার্স ও মেহের আলী তাঁদের বলে দাবি করেছেন। ইনস্টিটিউট তাঁদের কাছ থেকে ন্যায্যমূল্যে জমি কিনে নেবে। তবে রেলওয়ের কাছ থেকে জমি ইজারা নেওয়ার কোনো কাগজপত্র তিনি সাংবাদিকদের দেখাতে পারেননি। শেখ রাসেলের নামে সংগঠন করার আগে বঙ্গবন্ধুর পরিবারের অনুমতি নিয়েছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, অনুমতি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, ২০০৯ সালে মহাজোট সরকার গঠনের পর তিনি কয়েকজনকে নিয়ে শেখ রাসেল ইনস্টিটিউট গড়ে তোলেন।সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয় লোকজন অভিযোগ করেন, প্রভাবশালী লোকজন কয়েক কোটি টাকার জমি অবৈধভাবে দখলে নিতে শেখ রাসেলের নাম ব্যবহার করছেন। স্থানীয় সাংসদ অবৈধ দখলদারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় সাধারণ মানুষ ভয়ে তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।সাংসদ নাসিম ওসমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।