শেখ রাসেলের জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন আজ ১৮ অক্টোবর মঙ্গলবার। ১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল জন্মগ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শিশু রাসেলকেও ঘাতকদের নির্মম বুলেটে প্রাণ দিতে হয়। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় বনানী কবরস্থানে রাসেলসহ ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব বঙ্গবন্ধু ভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে (৩/এ) আলোচনা সভার আয়োজন করেছে।