শেখ রাসেলের জন্মদিন আজ
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৪৯তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৬৪ সালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে ঘাতকেরা শিশু রাসেলকে নৃশংসভাবে হত্যা করে। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে বিকেল সাড়ে তিনটায় শিশুদের দেশাত্মবোধক গান, আবৃত্তি প্রতিযোগিতা, এসো রাসেলের গল্প শুনি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করেছে।