শেখ রাসেলের জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করেছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কবরস্থানসংলগ্ন মসজিদে ফাতেহা পাঠ, দুরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ পালন করে বাংলাদেশ ছাত্রলীগ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এরপর বিকেল চারটায় কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেলের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে আওয়ামী যুবলীগ শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁকেও হত্যা করা হয়। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।