শেখ রাসেলের নামে আ.লীগ নেতার জমি দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংগিয়া ইউনিয়নে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ২ সেপ্টেম্বর স্থানীয় নয়ন সিকদারপাড়ার আবদুল মতলব বাদী হয়ে সাতকানিয়া থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন যথাক্রমে আমিন উল্লাহ (৬০), মোক্তার আহমদ (৩৫) ও জসিম উদ্দীন (৩০)।জানা যায়, অভিযোগকারী আবদুল মতলব ও তাঁর ভাইয়েরা যৌথভাবে ২৭ বছর আগে ৪৬ শতক জায়গা কেনেন স্থানীয় আবদুল হকের কাছ থেকে। ওই সময় থেকে তাঁরা এই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। চার মাস ধরে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন উল্লাহ আবদুল মতলবের খরিদ করা জায়গা থেকে ৩২ শতক জায়গা পাবেন বলে দাবি করে আসছেন। গত ২৯ আগস্ট আমিন উল্লাহ ১০-১২ জন ভাড়াটে লোক নিয়ে আবদুল মতলবের দখল করা জায়গায় পাওয়ার টিলার দিয়ে চাষ করে ধানের চারা রোপণ করেন এবং শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় নামে একখানা সাইনবোর্ড মাটিতে পুঁতে দেন।এ ব্যাপারে অভিযুক্ত আমিন উল্লাহ জানান, ‘ওই জায়গা আমি জনৈক সিদ্দিক আহমদের কাছ থেকে খরিদ করেছি এবং তা শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের নামে দান করেছি।’বাদী আবদুল মতলব বলেন, ‘আদালত রায় দিলে এই জায়গা আমি ছেড়ে দেব। কিন্তু ২৭ বছর ধরে আমার দখলে থাকা জায়গা আওয়ামী লীগের নেতা সেজে আমিন উল্লাহ জোরপূর্বক দখল করেছেন।’সাতকানিয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়ামিন সুমন জানান, ‘৮ সেপ্টেম্বর এ ঘটনার তদন্ত করেছি।’ তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাদী আবদুল মতলব এই জায়গার দখলে ছিলেন বলে এলাকাবাসী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মোক্তার আহমদ বলেন, ২০-২৫ বছর ধরে আবদুল মতলবের পরিবার এই জায়গায় চাষাবাদ করে আসছে।