শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের যাত্রা শুরু
গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় তলায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভার মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অপেক্ষমাণ তালিকা থেকে ৫১ জন এখানে ভর্তি হন। ৭ জানুয়ারি ভর্তিপ্রক্রিয়া শেষ হয়। আজ বুধবার থেকে গোপালগঞ্জ সদর হাসপাতাল চত্বরে সিভিল সার্জন কার্যালয়ের তিনতলায় শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে।এ উপলক্ষে মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এম মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন পরিমল সরকার। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, আবিদ হাসান শেখ, আবদুল্লাহ আল মাহমুদ, ইফতেখার আলম, আবদুল আলিম জুয়েল প্রমুখ।অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ বলেন, ৮ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের এক সভায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়।