শেখ সেলিমের বিরুদ্ধে মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ সেলিমের মামলা বাতিলের আবেদনের ওপর এ রায় দেন।জানা যায়, ২০০২ সালের ১৪ জানুয়ারি জনৈক নাজিমউদ্দিন কেরানীগঞ্জ থানায় এই মামলা করেন। এতে আওয়ামী লীগের সাত-আটজন নেতা-কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক সফরে পিরোজপুরে যাওয়ার সময় কেরানীগঞ্জ-মাওয়া রুটে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানোর অভিযোগ আনা হয়। এরপর ২০০৩ সালের ৩০ মে শেখ সেলিমসহ ৩৫ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বাতিলের জন্য শেখ ফজলুল করিম সেলিম ওই বছরের ১৬ জুলাই হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৩ সালের ৯ আগস্ট আদালত ওই মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে শেখ ফজলে নূর তাপস, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং এ কে এম রবিউল হাসান মামলা পরিচালনা করেন।