শেখ সেলিমের হুমকির জবাব দিলেন রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী, শেখ ফজলুল করিম সেলিম
রুহুল কবির রিজভী, শেখ ফজলুল করিম সেলিম

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের উদ্দেশে বলেছেন, ‘মন্ত্রী হওয়ার জন্য তাঁর কাছে আর কী হুমকি জমা আছে, জানি না। এর পরও তো তিনি মন্ত্রী হচ্ছেন না।’
আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিম আন্দোলন করলে বিরোধী দলের নেতাদের হাত-পা কেটে নেবেন বলে হুমকি দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। তিনি সামাজিক নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির নেতা রিজভী বলেছেন, ‘শেখ সেলিম এর আগেও বিএনপির শীর্ষ নেতাকে অপমানজনক ও তুই তোকারি করে কথাবার্তা বলেছেন। এরপর হয়তো তিনি প্রাণনাশের হুমকি দেবেন।’
শেখ সেলিমের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘এর পরও যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ আন্দোলন করে, তখন কী করবেন? এত হাত-পা কাটলে পঙ্গু হাসপাতালে তখন আর বেড পাওয়া যাবে না। তখন কী করবেন?’ তিনি বলেন, এসব হুমকিদাতাকে রাস্তায় জনগণের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ও মোহাম্মদ শাজাহান উপস্থিত ছিলেন। সেখানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন।
গতকাল রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় শেখ সেলিম বলেন, ‘এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেওয়া হবে। এখন আমরা অনেক সুসংগঠিত। আমাদের পতন ঘটানো যাবে না।’ উপজেলা নির্বাচনের পর আন্দোলন শুরু হবে বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দেন, তার প্রতিক্রিয়ায় শেখ সেলিম এ কথা বলেন। ১ মার্চ রাজবাড়ীর জনসভায় খালেদা জিয়া ওই বক্তব্য দেন।