
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সাংসদদের শপথ গ্রহণের পর সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সংসদীয় দলের নেতা নির্বাচিত হন। ফলে তিনি তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন।
আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংসদীয় দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। সাংসদ আব্দুস শহীদ তা সমর্থন করেন। এরপর সব সাংসদ তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান।
সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা দলীয় সাংসদদের নিজ নিজ এলাকায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও নির্দেশ দেন।
বৈঠকে বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করতে পারায় শেখ হাসিনা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রশংসা করেন।
জাপার সংসদীয় দলের নেতা রওশন: শপথের পর জাতীয় পার্টির সংসদীয় দল বৈঠক করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে। ফলে এরশাদপত্নী রওশন দশম সংসদে বিরোধী দলের নেতা হতে যাচ্ছেন।
সাংসদদের শপথ: নির্বাচন কমিশনের গেজেটে প্রকাশিত ২৯০ জন নির্বাচিত সাংসদের মধ্যে ২৮৪ জন গতকাল শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সাংসদেরা কয়েক দফায় শপথ নেন। সকাল সোয়া ১০টায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং বেলা ১১টায় রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সদস্যরা শপথ নেন। এরপর ওয়ার্কার্স পার্টি, জাসদ, স্বতন্ত্র ও অন্যান্য দলের সাংসদেরা শপথ নেন। শপথ নেওয়া সদস্যদের মধ্যে আওয়ামী লীগের ২২৬, জাতীয় পার্টির ৩১, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদের চারজন, জাতীয় পার্টি (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জন রয়েছেন।
শপথবাক্য পাঠ করার পর সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে সই করেন। শপথ পড়ানোর পর শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল।
শপথ নেননি এরশাদসহ পাঁচ সাংসদ: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল শপথ নেননি। তাঁর দলের নেতারা জানিয়েছেন, তিনি অসুস্থ, আসতে পারেননি, আজ শুক্রবার তিনি শপথ নিতে পারেন। এ ছাড়া আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান, জাতীয় পার্টির নাসিম ওসমান ও জাসদের মঈন উদ্দীন খান বাদল দেশের বাইরে থাকায় গতকাল শপথ নিতে পারেননি।
খালেদা আর বিরোধী দলের নেতা নন: সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আজ (গতকাল) থেকে খালেদা জিয়া আর বিরোধী দলের নেতা নন। যাঁরা শপথ নিয়েছেন, তাঁরাই সংসদ সদস্য। আর কোনো সংসদ সদস্য নেই। নবম সংসদও আর নেই। খালেদা জিয়া সংসদ সদস্য নন। সুতরাং খালেদা জিয়া আর সংসদের বিরোধী দলের নেতা নন।’
দশম সংসদ কত দিন থাকবে—এ প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, এই সরকার পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পর আর এই সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নেই। তবে এই সংসদ কত দিন থাকবে তা নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপর। প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে পারেন।