শেখ হাসিনা-আশরাফের আসনে আ.লীগ প্রার্থীর হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন টুঙ্গিপাড়ায় এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ সদর আসনের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন। তবে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হলেও কিশোরগঞ্জ সদরে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী গোলাম মোস্তাফা বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সোলায়মান বিশ্বাসকে হারিয়েছেন। গাজী গোলাম মোস্তফা পেয়েছেন ৩১ হাজার ৯৬৫ ভোট। আর সোলায়মান বিশ্বাস পেয়েছেন ১১ হাজার ৯২৩ ভোট।

এদিকে কিশোরগঞ্জের সদর উপজেলা নির্বাচনেও দল সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আপন চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম হেরেছেন। আজ অনুষ্ঠিত তৃতীয় দফার নির্বাচনে তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী শরীফুল ইসলাম শরীফের কাছে হেরে যান। শরীফুল ইসলাম শরীফ আনারস প্রতীকে ৬১ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কাপ পিরিচ) পেয়েছেন ৪৭ হাজার ৯৭৮ ভোট।

প্রথম ও দ্বিতীয় পর্বে বিএনপি চেয়ারম্যান পদ পেয়েছে ৯৪টি এবং আওয়ামী লীগ পেয়েছে ৭৯। এদিকে ওই দুই পর্বে জামায়াত-সমর্থিত ২০ জন চেয়ারম্যান নির্বাচিত হন।