বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা আয়কর দেন। ড. ওয়াজেদ মিয়া দীর্ঘ ১৫ বছর কষ্ট করে সুধা সদনের বাড়িটি নির্মাণ করেছেন।’ ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শহরের ছোটবাজার মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, বেগম খালেদা জিয়া মইনুল রোডের বাড়ি থেকে কী কী সম্পদ নিয়ে গেছেন আজ (রোববার) ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তা তুলে ধরা হবে। দেলোয়ার হোসেন মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য তুলে ধরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে কিছু বলা তাঁর (খোন্দকার দেলোয়ার) ধৃষ্টতা। বঙ্গবন্ধুকে তাঁর বাবা কলকাতায় রেখে লেখাপড়া করিয়েছেন। আর দেলোয়ার হোসেন তখন গামছা পরে স্কুলে যেতেন। বঙ্গবন্ধুর বাড়িতে এখনো দেড় শ বছরের পুরোনো পাকা ঘর আছে।’জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আয়োজিত এ অনুষ্ঠানে মজিবুর রহমান খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ বি এম নূরুজ্জামান খোকনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ার্যম্যান ফয়জুর রহমান ফকির, ময়মনসিংহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইকরামূল হকু প্রমুখ। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সংগীত, বঙ্গবন্ধু সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আবৃত্তি এবং অনসাম্বল থিয়েটার নাটক পরিবেশন করে। সৈয়দ আশরাফ তাঁর বক্তব্যে বলেন, বিএনপি বাড়ি রক্ষা, খালেদা জিয়ার দুই ছেলেকে ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য সরকার পতনের আন্দোলনে নেমেছে। কুখ্যাত রাজাকার মুহিউদ্দীন খানের ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে। তিনি বলেন, কোনো হুমকি-ধমকি ও ভয় দেখিয়ে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। বঙ্গবন্ধুকন্যা মৃত্যুকে ভয় করেন না। তিনি খালেদা জিয়ার মতো বাড়ি-গাড়ি-পোশাক-গহনার জন্য রাজনীতি করেন না। শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আয়ের উৎস জানতে চান। তিনি সেনানিবাসের বাড়ির মালামাল তুলে ধরেন। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পরিবারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা: গতকাল দুপুরে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র সেতুর পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন দেবে না। মহাজোট নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রার্থী দেওয়া হবে। এ সময় তিনি জানান, একে একে ময়মনসিংহ পৌরসভাসহ আরও কয়েকটি পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে। স্মৃতিসৌধ পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. হাসানুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুকসহ মহাজোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।