শেখ হাসিনা এখন বিশ্ব নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তাঁর কর্মে তিনি এখন বিশ্ব নেতা। গতকাল শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশ লাইন-১ (রিজার্ভ রেঞ্জ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এ কথা বলেন।
জনগণের সহযোগিতায় দেশ থেকে জঙ্গিবাদ, গুম, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল সম্ভব হয়েছে বলে মন্তব্য করে আইজিপি আরও বলেন, ২০১৩ সালে দেশব্যাপী জঙ্গি তৎপরতা চালানো হয়েছিল। তখন ১৮ জন পুলিশকে হত্যা করা হয়েছিল। এ ছাড়া ৩০০ পুলিশকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছিল। তিন হাজার পুলিশ সদস্যকে আহত করা হয়েছিল। শুধু তাই নয়, গত ৫ জানুয়ারি থেকে আড়াই
মাসব্যাপী পেট্রলবোমা, ককটেল হামলা এবং গাড়ি ও ট্রেনে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
পুলিশকে নিষ্ক্রিয় করতেই এসব করা হয়েছিল বলে মন্তব্য করে আইজিপি বলেন, তারা আতঙ্ক ছড়িয়ে পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করেনি। জনগণ গত আড়াই মাসে ৬০০ হামলাকারীকে পেট্রলবোমাসহ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট আনসার উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ।