শেখ হাসিনা ও তাঁর সরকারের কাছ থেকে সরে যাচ্ছে পেন্ডুলাম!
ঈদের আগে নিজেদের মধ্যে শুভেচ্ছা কার্ড বিনিময় করেছেন দুই নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়। কিন্তু এই দুই নেত্রী এবং তাঁদের দলের মধ্যে শান্তির কোনো লক্ষণ কার্যত দেখা যাচ্ছে না। এই অবস্থায় ঢাকায় কর্মরত ইউরোপীয় একটি দেশের এক কূটনীতিক তাঁর দেশে দুটি তারবার্তা পাঠিয়েছেন। এটিতে তিনি আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলের পরাজয়ের আশঙ্কা এবং অন্যটিতে দুই নেত্রীর রাজনৈতিক উত্তরসূরি নির্বাচনের বিষয়ে লিখেছেন।
দ্য ইকোনমিস্ট সাময়িকীর গত শনিবারের সংখ্যায় বাংলাদেশের রাজনীতির ওপর একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিরুদ্ধে রায় এবং এ নিয়ে পাল্টাপাল্টি আন্দোলন ও সবশেষে হেফাজতে ইসলামের কর্মসূচি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় দেশজুড়ে জামায়াতের জনপ্রিয়তা কমেছে। অন্যদিকে একই সময়ে বিএনপির জনপ্রিয়তা অনেক বেড়েছে। এই অবস্থায় নিজেদের অবস্থান পুনরুদ্ধারে সরকার তৈরি পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দলের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগে শেখ হাসিনার জনপ্রিয়তা কিছুটা বাড়তে পারে। তবে নিজেদের নির্বাচনী এলাকাকে অর্থ উপার্যনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করায় তাঁর দলের প্রায় এক-তৃতীয়াংশ সাংসদ এলাকায় যেতে সাহস পান না হামলার ভয়ে। এই অবস্থায় শেষ পদক্ষেপ হিসেবে শেখ হাসিনার ছেলে এবং সম্ভাব্য উত্তরাধিকারী সজীব ওয়াজেদ জয় গত জুলাইতে তিন সপ্তাহের জন্য দেশ থেকে ঘুরে গেলেন। যদিও তিনি এখুনি রাজনীতিতে নামতে চাইছেন বলে মনে হয়নি।
উত্তরাধিকারের দিক থেকে জয়ের প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তুলনামূলকভাবে বেশি কৌশলী। লন্ডন থেকে তিনি শিগগির দেশে ফিরতে পারেন। তাঁর মায়ের শারীরিক অবস্থা বেশি ভালো না এবং দলীয় উত্তরাধিকার তিনি ছেলের হাতে তুলে দিতেই আগ্রহী। তবে তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে না নিলে তারককে জেলে যেতে হতে পারে।