ইসলামী ও সমমনা ১২ দলের শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ বলেছেন, ‘ভারতীয় কালো বিড়াল এ দেশকে কামড়ে ধরেছে, এই কালো বিড়ালদের ধরতে হবে। শেখ হাসিনা হচ্ছেন কালো বিড়ালের নেত্রী, এই জঘন্য কালো বিড়ালকে হটাতে হবে।’গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ইসলামী ও সমমনা ১২ দল আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাটি পুনর্বহাল করা, নারীনীতি ও শিক্ষানীতি সংশোধন করা, বোরকা নিষিদ্ধ করার ষড়যন্ত্র বন্ধ করা এবং ‘ধর্মাচার’ নামের ফেসবুকে মহানবীর (স.) অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রকাশকারীদের বিচারের দাবিতে সংগঠনটি এ গণমিছিলের আয়োজন করে।সমাবেশে খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক অভিযোগ করেন, বর্তমান সরকার ইসলামকে নির্মূল করার চক্রান্ত করছে। তিনি এ কুচক্রী সরকারকে হটাতে কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।সমমনা ১২ দলের আরেক নেতা অধ্যক্ষ যাইনুল আবেদীন বলেন, ‘আমরা লক্ষ করছি, একটি গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা করছে। এ জন্য ইচ্ছা করেই মহানবীকে (স.) ব্যঙ্গ করে সাতক্ষীরায় নাটক মঞ্চস্থ করানো হয়েছে।’মাওলানা খলিলুর রহমান মাদানি বলেন, নানা উপায়ে দেশ থেকে ইসলামকে বিদায় করার পাঁয়তারা চলছে। এ অবস্থায় ঈমানদার মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অন্য নেতাদের মধ্যে আবদুল লতিফ নেজামী, আলমগীর মজুমদার, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, আবদুল মোবিন, মাওলানা আহমদ আলী, কাজী আবুল খায়ের, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবুল কাশেমসহ ২০ জন বক্তব্য দেন।সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে একটি মিছিল পুরানা পল্টন, বিজয়নগর, কাকরাইল ও শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। সেখানে সংগঠনের আহ্বায়ক মাওলানা মুহিউদ্দিন খানের লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সদস্যসচিব ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান। তিনি আগামী মে ও জুন—এই দুই মাসে সব জেলা ও বিভাগে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। এর পরও দাবি পূরণ না হলে ঢাকায় মহাসমাবেশ ডাকার ঘোষণা দেন।