শেখ হাসিনা নিজস্ব চিন্তা থেকে কমিউনিটি ক্লিনিক করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক করেছেন। শেখ হাসিনা তাঁর নিজস্ব চিন্তা থেকে কমিউনিটি ক্লিনিক করেছেন। পরে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। কারণ, তাঁরা জনগণের জন্য কিছু চান না, তাঁরা চান দেশটা আবার পাকিস্তান হোক।

নীলফামারী সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের কিসামত দলুয়া গ্রামে আবদুস সাত্তার কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আরও বলেন, ভবিষ্যতে নীলফামারীর কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান যাচাই করে সেরাগুলোকে পুরস্কৃত করা হবে।

সিভিল সার্জন আবদুর রশীদ বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১৪ লাখ টাকা ব্যয়ে ওই কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা হয়। স্থানীয় আবদুস সাত্তার এই ক্লিনিক নির্মাণে ৭ শতাংশ জমি দান করেছেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।

এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফুড অফিস সড়কে অবস্থিত আসাদুজ্জামান নূরের নিজ বাসভবনের সামনে মন্ত্রীর ব্যক্তিগত তহবিলে সদরের বিভিন্ন ইউনিয়নের গৃহহীন ১৫টি পরিবারের মাঝে ঘর নির্মাণসামগ্রী বিতরণ করা হয়।

পরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে একটি প্রতিবন্ধী স্কুল ও একটি হস্তশিল্প কারখানা পরিদর্শন করেন।

বিকেল চারটার দিকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর চওড়া বড়গাছা ইউনিয়নের কালীতলা এলাকায় ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩২ লাখ টাকা ব্যয়ে জলসিঁড়ি নদীর ওপর ৪০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু উদ্বোধন করেন।