শেখ হাসিনা নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন-মামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিজয় দিবস ও বিএনপির কারামুক্ত নেতা-কর্মীদের সংবর্ধনা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।তৈমুর আলম খন্দকার বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্র নস্যাতের আশঙ্কার কথা বলেছেন। বিরোধী দলকে ধ্বংস করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রকে বিপন্ন করে কেউ কোনো দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। শেখ হাসিনাও পারবেন না। বিরোধী দল না থাকলে গণতন্ত্র থাকবে না।’নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ এম বদরুজ্জামান খসরু, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ শহর বিএনপির সভাপতি সদ্য কারামুক্ত এ টি এম কামাল প্রমুখ।যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ বলেন, নির্বাচনের আগে দেশবাসীকে দেওয়া কোনো ওয়াদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা করতে পারেননি। ১০ টাকায় চাল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার যে ওয়াদা ছিল, তা এখন তাঁরা অস্বীকার করছেন।সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।