পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘পার্বত্য চুক্তি স্বাক্ষরের পরবর্তী ১৭ বছরে শেখ হাসিনার সরকার সব মিলিয়ে নয় বছর ক্ষমতায় আছে৷ কিন্তু তিনি কি দাবি করতে পারবেন যে চুক্তির নয়টা বিষয় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করেছেন?’
গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) রজতজয়ন্তী ও ১৯তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে আয়োজিত সমাবেশে সন্তু লারমা এসব কথা বলেন৷
সন্তু লারমা আদিবাসী পাহাড়ি ছাত্রদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনের পাশাপাশি জাতীয় অস্তিত্ব রক্ষা ও আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের সংগ্রামে পাহাড়ি ছাত্রসমাজের দীর্ঘ ইতিহাস রয়েছে৷ সেই ইতিহাসের ধারক ছাত্রসমাজ যে পথে পার্বত্য চুক্তি করতে সরকারকে বাধ্য করেছে, সেই একই পথে চুক্তি বাস্তবায়নে বাধ্য করবে৷
ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) নেতা প্রসিত বিকাশ খীসার বিরুদ্ধে পাহাড়ি ছাত্র পরিষদকে বিভক্ত করার অভিযোগ তুলে সন্তু লারমা বলেন, চুক্তি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে সরকার, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর মদদপুষ্ট হয়ে তারা এ কাজটি করেছে৷ এর পর থেকে ইউপিডিএফ নামধারী সংগঠনের নামে শত শত মানুষের জীবন হরণ ও কোটি কোটি টাকা চাঁদাবাজি করা হচ্ছে৷ ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এটিকে নিষিদ্ধ করতে সরকারকে বাধ্য করতে ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি৷
সমাবেশের বিশেষ অতিথি রাঙামাটির সাংসদ ও জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা উচ্চশিক্ষার বিপক্ষে নই৷ পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষক-সংকট দূর না করে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান সৃষ্টির কোনো যৌক্তিক ভিত্তি আছে বলে মনে হয় না৷’
সরকারের আমলা ও রাজনীতিকদের পার্বত্য চুক্তির আওতায় গঠিত প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে কার্যক্রম চালানোর মানসিকতার সমালোচনা করে ঊষাতন তালুকদার বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে অবজ্ঞা করে, পার্বত্য চট্টগ্রামের মানুষের ওপর নির্যাতন চালিয়ে দেশ এগিয়ে যেতে পারবে না৷’
বর্ষীয়ান রাজনীতিক পংকজ ভট্টাচার্য বলেন, ‘দেশে আদিবাসী ও সংখ্যালঘু বিতাড়নের ষড়যন্ত্র চলছে৷ ভারতে বিজেপির উত্থানের অজুহাতে আমাদের দেশে নানা ভয়ভীতি দেখিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী সংখ্যালঘুদের সম্পত্তি ও ঘরবাড়ি দখলের চেষ্টা করছে৷’
পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ত্রিজিনাদ চাকমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রহমান নাসির উদ্দিন, আঞ্চলিক পরিষদের সদস্য ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি কে এস মং মারমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা, ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী প্রমুখ৷
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি মিছিল রাঙামাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷ বিকেলে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা হয়৷