শেখ হাসিনা প্রতিকূল অবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রেখেছেন: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রেখেছেন।’
গতকাল সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা-পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। ২৯ মে শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল তিনটায় ভারতের পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি বিল পাসসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে নাগরিক কমিটি। ওই গণসংবর্ধনা সফল করতে আওয়ামী লীগের ঢাকা, ঢাকা মহানগর ও ঢাকার আশপাশের জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংসদদের সঙ্গে এই যৌথ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।