শেখ হাসিনা বললেন জয় গুরুত্বপূর্ণ পদেই আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্মেলনের দুই দিনে তৃণমূল নেতা ও কাউন্সিলররা আওয়ামী লীগের নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়কে চাইলেও দলীয় প্রধান শেখ হাসিনা বলেছেন, ‘ও তো আমার উপদেষ্টা। জয় এখনই গুরুত্বপূর্ণ পদে আছে।’
গতকাল সমাপনী দিনে ৪১ জন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। তাঁদের প্রায় সবাই জয়কে নেতৃত্বে আনার দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা উপরোক্ত মন্তব্য করেন।
এর আগে গতকাল দুপুরে সজীব ওয়াজেদ জয় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের স্টল পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, তৃণমূল নেতাদের দাবির মুখে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হবেন কি না। জবাবে জয় বলেন, ‘বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। আমি দলের জন্য, দেশের জন্য কাজ করতে চাই।’
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তৃণমূল নেতাদের দাবির মুখে কয়েক দিন ধরেই কমিটিতে জয়ের আসার ব্যাপারে বেশ আলোচনা ছিল। গতকাল রোববার সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ২১ সদস্যের কমিটি ঘোষণা হয়েছে। সেখানে জয়কে রাখা হয়নি। তবে এখনো ৬০টি পদ ঘোষণা বাকি আছে।
গতকাল দুপুর ১২টার দিকে যখন জয় কাউন্সিল অধিবেশনে যোগ দেন, তখন নেতা-কর্মীরা উচ্ছ্বসিত হয়ে করতালির মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান। আগের দিন শনিবারও বিকেলে জয় যখন সম্মেলনস্থলে যান, তখন দলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা আমাদের শেষ ভরসা। আর এখানে আছেন আরেকজন শেষ ভরসা। তিনিই নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবেন।’