৭ এপ্রিল ভারত যাচ্ছেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন। ওই সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ৮ এপ্রিল দিল্লির হায়দরাবাদ হাউসে শীর্ষ বৈঠক করবেন দুই প্রধানমন্ত্রী। 

২০১০ সালের জানুয়ারিতে দিল্লি সফরের পর সাত বছরের বিরতিতে শেখ হাসিনা ভারত যাচ্ছেন। প্রায় দুই বছর আগে শেখ হাসিনার আমন্ত্রণে ২০১৫ সালের জুনে ঢাকায় এসেছিলেন নরেন্দ্র মোদি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশ যৌথভাবে শেখ হাসিনার ভারত সফরের সময়সূচির ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন এই সফর বাংলাদেশ ও ভারতের আন্তরিক ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সম্প্রসারিত ও বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করবে এবং দুই নেতার মধ্যে আস্থা বাড়াবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ সকালে প্রথম আলোকে জানান, নরেন্দ্র মোদি এপ্রিলে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন। ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গতকাল সোমবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দেখা করে চিঠি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি নিয়ে তাঁরা গতকাল আলোচনা করেছেন।
খসড়া সফরসূচি অনুযায়ী, ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বিরোধীদলীয় নেত্রী ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ওই দিনই এক অনুষ্ঠানে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেবেন শেখ হাসিনা। এবার ভারত সফরের সময় প্রণব মুখার্জির আমন্ত্রিত অতিথি হয়ে রাষ্ট্রপতি ভবনে থাকবেন শেখ হাসিনা।
এবারের মতো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে দুই দফায় শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতি নিয়েছিল দুই দেশ। অনিবার্য কারণে দুই দফায় সফর পিছিয়ে যায়।