শেখ হাসিনা মিয়ানমার যাচ্ছেন সোমবার
তৃতীয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার (৩ মার্চ) মিয়ানমারের রাজধানী নেইপিদোর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে তিনি ৩২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পরদিন মঙ্গলবার এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সোমবার বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে। এর আগে রোববার উর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল যোগ দেবেন।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকটরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন (বিমসটেক) হচ্ছে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশের অঞ্চলিক গ্রুপ। দেশগুলো হচ্ছে—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড।
১৯৯৭ সালে গঠিত বিমসটেকের প্রথম শীর্ষ সম্মেলন ২০০৪ সালে ব্যাংককে এবং ২০০৮ সালে দ্বিতীয় শীর্ষ সম্মেলন হয় নয়াদিল্লীতে।
সহযোগিতার ১৪টি ক্ষেত্রে সুনির্দিষ্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এ সংস্থার মূল লক্ষ্য। ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, পর্যটন, কৃষি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, জনে-জনে সংযোগ, সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ এবং জলবায়ু পরিবর্তন।
শীর্ষ সম্মেলন শেষে ইশতেহার অনুমোদন এবং ৩টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে—ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক, ভারতে আবহাওয়া ও জলবায়ু বিমসটেক সেন্টার প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং ভুটানে বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ কমিশন ও বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ অবজারভেটরী প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ)।
প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের বাইরে ভারত, মায়ানমার, নেপাল ও ভুটানের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মঙ্গলবার তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা।