শেখ হাসিনা সমালোচনায় বিশ্বাস করেন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনায় বিশ্বাস করেন। সমালোচনা মাথায় নিয়ে চলেন। তাঁর সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে।
আজ সোমবার সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এখন ১২০০ পত্রিকা ছাপা হয়। খালেদা জিয়া যখন ক্ষমতা ছেড়ে যান, তখন ছাপা হতো ৬০০ পত্রিকা। এর অর্থ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনায় বিশ্বাস করেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘ফরমালিনযুক্ত আম খেতে সুন্দর হলেও তা ক্ষতিকারক। বিএনপি-জামায়াত-হেফাজত হচ্ছে সিদ্ধ নির্বাচনের ফরমালিন। এরা গণতন্ত্রের শক্তি নয়। এদের নিয়ে সিদ্ধ নির্বাচন সম্ভব নয়।’
মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদকে রাজনীতির মাঠে খেলতে দেব কি দেব না, সেটা নিয়ে সংলাপ হতে পারে। কিন্তু সিদ্ধ নির্বাচন চাইলে বিএনপি-জামায়াত-হেফাজত নয়।’
সরকার দলীয় সাংসদ আবদুল মান্নান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘সন্তান মানুষ করার জন্য যে রাষ্ট্রীয় ভাতা নিয়েছিলেন, তা ফেরত দেন। সন্তান মানুষ করতে না পারার দায় স্বীকার করেন। আপনার ছেলে বইয়ের প্রকাশনা উত্সব করে বেড়ায়। জানতে চাই, তাঁর শিক্ষাগত যোগ্যতা কী?’
তারেক জিয়ার উদ্দেশে আবদুল মান্নান বলেন, ‘দেশে এসে মামলা মোকাবিলা করেন। রাজনীতি করতে চান, করেন।’
প্রস্তাবিত বাজেট নিয়ে নাগরিক সমাজের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের মৃণাল কান্তি দাস। তিনি বলেন, নির্বাচিত না হয়ে যাঁরা গাড়িতে পতাকা ওড়াতে চান, যাঁদের কোনো জনভিত্তি নেই, নির্বাচন করলে যাঁদের জামানত বাজেয়াপ্ত হবে, তাঁরা এসব কথা বলেন।
বাজেট আলোচনায় আরও অংশ নেন নুরুল ইসলাম (মিলন), মকবুল হোসেন, নুরুন্নবী চৌধুরী, ধীরেন্দ্র দেবনাথ, মোস্তফা লুত্ফুল্লাহ প্রমুখ।