শেখ হাসিনা সম্পর্কে শওকত মাহমুদের বক্তব্যে পাল্টাপাল্টি মানববন্ধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন হয়েছে। মনববন্ধনে মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন: খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী, দলের মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ও মো. শামীম, যুবলীগ নেতা আমির হোসেন প্রমুখ।এদিকে শওকত মাহমুদের বিরুদ্ধে খুলনায় মামলা করে হয়রানি করার প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে খুলনা মহানগরীর বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।