শেখ হাসিনা স্বার্থকে বিকিয়ে চুক্তি করবেন না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি হলে, তা জাতীয় স্বার্থেই হবে। জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে শেখ হাসিনা কোনো দিন কারও সঙ্গে চুক্তি করবেন না। আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক শ্রমিক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এখনো ভারত যাননি। তিনি যাবেন এপ্রিলে, আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা হয়নি। এর আগেই বিএনপি গোপন চুক্তির গন্ধ পাওয়ার ভাঙা রেকর্ড বাজানো শুরু করেছে। আসলে বিএনপি ক্ষমতার জন্য ভারতপ্রীতি, আর ক্ষমতা থেকে চলে গেলে ভারতভীতি। তিনি আরও বলেন, ‘আমাদের ভারতপ্রীতিও নেই, ভারতভীতিও নেই। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু, বাংলাদেশের স্বার্থে এ বন্ধুত্ব থাকবে। দেশের জনগণ না চাইলে এ বন্ধুত্ব থাকবে না।’
বিএনপির সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, সবাই জানে বিএনপি ওপরে ওপরে বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না, কিন্তু তলে তলে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিএনপি পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।
ভুঁইফোড় সংগঠনের সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘রাজনীতির নামে যেসব দোকান রয়েছে, তা বন্ধ করা দরকার। রাস্তায় দেখলাম আওয়ামী প্রচার লীগ, প্রজন্ম লীগ, তরুণ লীগ। আর ওলামা লীগ যে কয়টা, সেটাও জানি না। রাজনীতির নামে এসব দোকানের স্বীকৃতি আমরা দেব না।’
নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, জয় এবং আমাদের দলের নেতাদের ছবি ব্যবহার করে ব্যানার-পোস্টার বানায়, তাদের আপনারা প্রতিরোধ করুন। তাদের কোনো আদর্শ নেই। তাদের লক্ষ্য হচ্ছে টেলিভিশনে ছবি তোলা, আর চাঁদাবাজি করা। তারা জনগণের কাছে আমাদের দলের সুনাম ক্ষুণ্ন করছে।’ এসব সংগঠনের পক্ষ থেকে দাওয়াত দিলে সাংবাদিকদের না যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, গণমাধ্যমে প্রচার না হলে নেতারা হতাশ হয়ে আর এসব দোকানে যাবে না।
কারও উসকানিতে বিভ্রান্ত হয়ে ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যাঁরা শ্রমিক নন, তাঁরা কীভাবে শ্রমিকনেতা হন? পোশাক কারখানাসহ অন্যান্য খাতে শ্রমিক না হয়েও শ্রমিকনেতা আছেন। শ্রমিক লীগেও যাঁরা নেতৃত্বে আছেন, তাঁদের শ্রমিক হতে হবে। শ্রমিক ছাড়া শ্রমিকনেতা হলে গরিবের দুঃখ বুঝবে না। পরিবহনেও অনেক নেতা আছেন, যাঁদের পরিবহনের কোনো রেকর্ড নেই।’
পরিবহন ধর্মঘটের বিরোধিতা করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা জনগণকে জিম্মি করে ধর্মঘট করে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আন্দোলনের অনেক ভাষা আছে। কর্মসূচি দিলে তা বাস্তবভিত্তিক কর্মসূচি দিতে হবে। আপনারা কোনো ষড়যন্ত্রে কান দেবেন না।’
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।