সপ্তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ জুলাই ভোরে নাইজেরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। আট জাতির এ জোটের এবারকার সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘সদস্য দেশগুলোর মাঝে বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জ্বালানি, যোগাযোগ, পর্যটন, ব্যাংকিং ও আর্থিকপ্রতিষ্ঠান, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য যোগাযোগ খাতে সদস্য দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে শীর্ষ সম্মেলনে আলোচনা হবে। ডি-৮ শীর্ষ সম্মেলনের অন্যতম আলোচ্যসূচি হচ্ছে জোটের ১০ বছর মেয়াদি অর্থনৈতিক কর্মপরিকল্পনা প্রণয়ন। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ ডি-৮ শীর্ষ সম্মেলনে ওই কর্মপরিকল্পনা সব দেশের সমর্থন পায়। ওই কর্মপরিকল্পনায় বলা হয়েছে, জোটের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ডি-৮ এর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত করা হবে। শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আগামী ১০ জুলাই ভোরে শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।