শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা ছাত্রলীগের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আজীবন সম্মানিত সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক সমাবেশে এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক ওমর শরীফ৷
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও উপস্থিত ছিলেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, ‘শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলেন৷ আমরা কথাবার্তা বলে তাঁকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আজীবন সম্মানিত সদস্য করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি৷’
এর আগে ছাত্রলীগের সাংগঠনিক প্রধান ছিলেন শেখ হাসিনা৷ একশ্রেণীর নেতা-কর্মীর বেপরোয়া কর্মকাণ্ডের ফলে ছাত্রলীগ ব্যাপকভাবে বিতর্কিত হয়ে পড়লে ২০০৯ সালের ৪ এপ্রিল শেখ হাসিনা এ পদ ছেড়ে দেন৷