শেখ হাসিনাকে কিউবা-আলজেরিয়ার অভিনন্দন
শেখ হাসিনা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদেল মালেক সেল্লাল আজ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এক অভিনন্দনবার্তায় আবদেল মালেক সেল্লাল উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনর্নির্বাচন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তাঁর নেতৃত্বের প্রতি পুনর্বিশ্বাস স্থাপনেরই একটি দৃষ্টান্ত।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ ও তাঁর দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ ও সংহতি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। তা ছাড়া অভিন্ন স্বার্থের বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে উভয় দেশ সংলাপ ও আলোচনা চালিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলাদা এক বার্তায় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।