শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার বিকেল চারটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান হবে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান।
বাংলা নববর্ষ উপলক্ষে খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গতকাল গণমাধ্যমে বাণী দিয়েছেন। এর আগে রোববার রাতে তিনি নববর্ষের কার্ড পাঠিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপির সূত্র জানায়, রোববার রাত আটটায় খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার আওয়ামী লীগ সভানেত্রীকে দেওয়া বাংলা নববর্ষের কার্ডটি নিয়ে গণভবনে যান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা খোরশেদ আলম কার্ডটি গ্রহণ করেন।
নববর্ষে খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণীতে বলেন, ‘পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আমাদের জাতিসত্তার অন্যতম অহংকার। আমরা এই অহংকার আবহমানকাল ধরেই ধর্ম-বর্ণ-নৃগোষ্ঠীভেদে লালন করে থাকি।’