শেখ হাসিনাকে নিয়ে বই বের করবে রুশ বিজ্ঞান একাডেমি

রাশিয়ার বিজ্ঞান একাডেমি বিভিন্ন ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর একটি বই প্রকাশ করবে। বিশ্বে পরিবর্তন আনা নেতাদের নিয়ে বই প্রকাশের একটি উদ্যোগের অংশ হিসেবে এটি প্রকাশিত হবে। খবর বাসসের।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজ এই উদ্যোগ নিয়েছে। ইনস্টিটিউটের পরিচালক ভিতালি ভি নুমকিন গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, নুমকিন বলেছেন, তাঁর ইনস্টিটিউট রুশ, ইংরেজি, আরবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে। ইনস্টিটিউট এরই মধ্যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ওপর একটি বই প্রকাশ করেছে।
বৈঠকের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নুমকিন। ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর রাশিয়া সফরের কথা স্মরণ করে নুমকিন বলেন, ওই সফরকালে তিনি একজন দোভাষী হিসেবে কাজ করেছিলেন। আর্থসামাজিক ক্ষেত্রে বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রাশিয়ার অকুণ্ঠ সমর্থন এবং স্বাধীনতার পর বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে দেশটির অবদানের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম, রাশিয়ার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ইরকুত করপোরেশনের বিপণন ও বহিঃসম্পর্ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির এন সুতভ, ঢাকায় রুশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনাতোলি ওয়াই দেভ্যদেনকো প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।