বৈধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল শনিবার এক আলোচনা সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ৷
সৈয়দ আশরাফ বলেন, শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে বা বৈধপথে ক্ষমতাচ্যুত করার সুযোগ নেই। এখন বিএনপির আর উপায় নেই নির্বাচন করে আওয়ামী লীগকে হারানোর। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘সব সময় সতর্ক থাকুন, তাহলে ১৫ আগস্টের মতো ঘটনা আর ঘটবে না। আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ থাকলে ১৫ আগস্টের মতো আরেকটি নীল নকশা বাস্তবায়ন সম্ভব নয়।’
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘মাত্র কয়েকজন এই বাজেটের সমালোচনা করেছেন। এঁরা না জানেন পলিটিকস, না জানেন ইকোনমিকস। এসব সুশীল ও বুদ্ধিজীবীরা কিন্তু কেউ ছয় দফার পক্ষে ছিলেন না। এমনকি আমাদের বাসায় চায়ের দাওয়াত দিলেও আসতেন না। বিদেশি অর্থ এনে আপনাদের দেশপ্রেমিক সাজা জনগণ বোঝে।’
অব্শ্য সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়া এই বাজেট বাস্তবায়ন নিয়ে কেউ সংশয় প্রকাশ করেননি। সুতরাং, তাঁর বক্তব্যের জবাব দেওয়ার কোনো দরকার নেই।
কালোটাকা সাদা করার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ৩০ বছর ধরে কালোটাকা সাদা করার সুযোগ ছিল। এতে বাংলাদেশ গোল্লায় যায়নি। গত বছর মাত্র ৩০ কোটি টাকা সাদা করা হয়েছে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম প্রমুখ।