
ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারির হত্যাকাণ্ডের ঘটনায় সমবেদনা ও বাংলাদেশকে সমর্থন জানাতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল শনিবার ফোন করেন। সফল কমান্ডো অপারেশনের পর প্রধানমন্ত্রী মোদি এই হত্যাকাণ্ডকে ‘ঘৃণ্য’ বলে বর্ণনা করেছেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে ১০ মিনিট কথা হয়।
পরে মোদি টুইট করে জানান, এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড আমাদের বাকরুদ্ধ করেছে। প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে কথা বলেছি। তাঁকে জানিয়েছি, এই ঘৃণ্য হত্যাকাণ্ডের নিন্দার ভাষা নেই।
এই দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে মোদি নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের এক টুইটার বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ভারত বিশ্বাস করে এ ধরনের অনর্থক সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ন্যায্যতা থাকতে পারে না। বাংলাদেশের জনগণের এই দুঃসময়ে ভারত সব সময় পাশে থাকবে এবং তাদের দুঃখ ভাগাভাগি করে নেবে।
মোদির টুইটের কিছু আগেই টুইট করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার রাতের ঘটনায় ভারতীয় নাগরিক ১৮ বছরের তারুশি জৈন নিহত হন। সেই খবর জানিয়ে সুষমা বলেন, তারুশি ছুটি কাটাতে ঢাকায় বাবার কাছে এসেছিলেন। সন্ত্রাসীরা তাঁকে পণবন্দী ও হত্যা করে। সুষমা বলেন, তিনি তারুশির বাবা সঞ্জীব জৈনের সঙ্গে কথা বলেছেন। তাঁকে সমবেদনা জানিয়ে বলেছেন, এই দুঃখের দিনে গোটা দেশ তাঁদের পাশে রয়েছে।
তারুশি যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছুটিতে ঢাকায় এসেছিলেন বাবার সঙ্গে থাকতে। বাবা সঞ্জীব জৈন প্রায় কুড়ি বছর ধরে তৈরি পোশাকের ব্যবসা করেন। তারুশির পরিবারের সদস্যদের দ্রুত ঢাকায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তারুশির মতো হতভাগ্য ছিলেন না আর এক ভারতীয় ডা. সত্যপাল। তারুশিদের মতো তাঁকেও পণবন্দী করা হয়েছিল। কিন্তু সত্যপাল মুক্তি পেয়ে যান বাংলা ভাষায় সাবলীল ছিলেন বলে।
গতকালের গুলশানে হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাবেক ডিআইজি ও নিরাপত্তা বিশেষজ্ঞ সমীর মিত্র কলকাতা থেকে ফোনে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যেভাবে এ ঘটনার মোকাবিলা করেছে তা দুর্দান্ত। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ আগে হয়নি। কমান্ডো অপারেশন সার্থক। তিনি বলেন, ‘এমন ধরনের ঘটনা ঘটতে পারে, সেই ইঙ্গিত বিভিন্ন বিচ্ছিন্ন হিংসাত্মক ঘটনা দিয়ে যাচ্ছিল। সেদিক থেকে এই ঘটনার কোনো রকম আগাম আঁচ না পাওয়া নিশ্চিতভাবেই গোয়েন্দাদের ব্যর্থতা। তবে সেই ব্যর্থতা পুষিয়ে দিয়েছে সেনা-পুলিশ-র্যাবের মধ্যে সমন্বয়। তাদের দুটি সিদ্ধান্ত চমত্কার। প্রথমটি গোটা এলাকা কর্ডন করে মিডিয়াকে ধারে-কাছে পৌঁছাতে না দেওয়া। ২৬/১১-য় মুম্বাই হামলার সময় ভারত এভাবে মিডিয়াকে ‘ব্ল্যাক আউট’ করতে পারেনি। দ্বিতীয় সিদ্ধান্ত আলোচনার নামে সময় নিয়ে কমান্ডো হানা ঘটিয়ে কিছু মানুষের প্রাণ বাঁচানো।
এই উপমহাদেশের ঘটনাবলির পর্যবেক্ষক সমীর মিত্র বলেন, ‘শুনছি একজন সন্ত্রাসী ধরা পড়েছে। তার যেন ক্রসফায়ারে মৃত্যু না হয়। বাংলাদেশের উচিত গোয়েন্দা বিভাগকে আরও তত্পর করা।’
প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ কিশলয় ভট্টাচার্য মনে করেন, এই ঘটনা বাংলাদেশের চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। শনিবার প্রথম আলোকে তিনি বলেন, ‘এখন এটা বোঝা উচিত যে এসব সন্ত্রাসী হানা নিছকই দেশের রাজনৈতিক প্রতিপক্ষের কাজ নয়। বাংলাদেশ ক্রমেই আল-কায়েদা ও আইএসের নিরাপদ বিচরণভূমি হয়ে উঠছে। এটা বাংলাদেশ ও ভারতের একযোগে বোঝা উচিত এবং তার মোকাবিলায় এখন থেকেই যৌথভাবে কাজে নামা দরকার। না হলে বাংলাদেশ তো বটেই, ভারতকেও ভুগতে হবে।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্র গতকাল জানায়, এ ঘটনার পর বাংলাদেশের সরকার নতুন উদ্যমে সন্ত্রাসী দমনে নামবে। সন্ত্রাসীদের অনেকেই গ্রেপ্তার এড়াতে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামে আশ্রয় নেবে। কাজেই এই রাজ্যগুলোর সীমান্তবর্তী জেলাগুলোতে সতর্ক থাকা খুবই প্রয়োজন।
সোনিয়া গান্ধীর নিন্দা: ঢাকার গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল সকালে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই আক্রমণ মানবজীবনের যাবতীয় নীতি ও মূল্যবোধের পরিপন্থী।’ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, যারা এর পেছনে রয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে সংঘবদ্ধ হয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে কংগ্রেস দৃঢ়ভাবে সমর্থন নিয়ে আছে বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেন।