শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। দারিদ্র্য দূরীকরণে অবদানের জন্য সম্মানজনক সাউথ সাউথ পুরস্কার লাভ ও ৬৭তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছাবেন। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৬৭তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ওই দিন বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা হবে। দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে এবং প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য দলের সব শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।