শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি ফেনী থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি হরকাতুল জিহাদ সদস্য আবু ওবায়দা ওরফে হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে গত ৩০ আগস্ট তাঁর বড় ভাই আবু দাউদকে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে সোনাগাজী থানা-পুলিশ গ্রেপ্তার করে। তিনি ফেনী কারাগারে রয়েছেন।
১৫ বছর আগে সিলেটে শেখ হাসিনার সমাবেশে বোমা হামলার পরিকল্পনা করে জঙ্গিরা। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৬ সেপ্টেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শেখ হাসিনার নির্বাচনী জনসভা ছিল। কিন্তু তার আগেই সমাবেশের কাছাকাছি এক মেসে বোমা ফেটে দুই জঙ্গি নিহত হন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পালানোর সময় আরেক জঙ্গির সঙ্গে ধরা পড়েন আবু ওবায়দা।
পুলিশ জানায়, জামিনে ছাড়া পেয়ে ওবায়দা এলাকায় চলে আসেন। পরে স্থানীয় যুবলীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। এ পর্যায়ে এলাকায় নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে আবার গ্রেপ্তার করে পুলিশ। তখন সোনাগাজী উপজেলা যুবলীগের নেতারা তাঁকে যুবলীগ কর্মী হিসেবে প্রত্যয়নপত্র প্রদান করেন। এই প্রত্যয়নপত্র আদালতেও জমা দেন তিনি। পরে তিনি আবার জামিন পান।
ফেনী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আবু ওবায়দার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে। তাঁর বাড়ি সোনাগাজী উপজেলার মধ্যম চর চান্দিয়া গ্রামে হলেও বেশ কিছু দিন ধরে ফেনী শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তিনি মুঠোফোনে কথা না বলে কেবল খুদে বার্তা আদান-প্রদানের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করতেন।