শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিলেন ৪৯ নম্বর সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালিপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ৪৯তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। এই সাক্ষী হলেন কোটালিপাড়ার স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হাবিবুর রহমান। এ নিয়ে মামলার ৮৯ জন সাক্ষীর মধ্যে ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

২০০০ সালের ১৯ জুলাই কোটালিপাড়ার শেখ লুৎফুর রহমান কলেজ-সংলগ্ন একটি স্থান থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় কোটালিপাড়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০০৯ সালের ২৯ জুন চূড়ান্ত অভিযোগপত্র আদালতে জমা দেন। এতে মোট ২৫ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন ১১ জন আসামি। পলাতক আছেন ১৩ জন। আর একজন জামিনে আছেন। মামলার উল্লেখ্য আসামিরা হলেন—নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান, মহিবুল্লা, ইয়াহিয়া, সাব্বির প্রমুখ।