শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আসামি মুরাদ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি নাজমুল মাকসুদ ওরফে মুরাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার মতিঝিল থানায় করা হত্যা ও চাঁদাবাজির দুটি মামলায় চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে ধানমন্ডি থানার করা মামলায় প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের হাজির করা হয়। আদালত তাঁকে হাজতি পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল বুধবার সকালে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সদস্যরা মুরাদকে সিআইডি পুলিশের কাছে তুলে দেন। মুরাদ একটি হত্যাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা বিচারাধীন আছে।

গ্রেপ্তার করা মুরাদকে নিয়ে গতকাল দুপুরে মালিবাগ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সম্মেলনে সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ বলেন, একাধিক মামলার আসামি মুরাদ ১৯৯৬ সালে দেশ ছেড়ে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ২০১১ সালে বাংলাদেশের অনুরোধে রেড নোটিশ জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি হোমল্যান্ড সিকিউরিটি তাঁকে আটলান্টায় গ্রেপ্তার করে। এর পর থেকে তিনি সে দেশের নিরাপত্তা সংস্থার হেফাজতে ছিলেন।

মুরাদ ১৯৮৯ সালের ১১ আগস্ট মধ্যরাতে ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করেন। তাঁরা সেখানে গুলি করেন ও বোমার বিস্ফোরণ ঘটান। বাড়ির নিরাপত্তাকর্মীরাও এ সময় পাল্টা গুলি চালান। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা হয়। ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলার অভিযোগপত্র দেয়। এতে লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আবদুর রশিদ ও মেজর (অবসরপ্রাপ্ত) বজলুল হুদা এবং নাজমুল মাকসুদ মুরাদসহ ১৬ জনকে আসামি করা হয়। ২০০৯ সালের ২৭ আগস্ট থেকে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলার দুই আসামি সৈয়দ ফারুক রহমান ও বজলুল হুদাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। মামলাটি এখনো বিচারাধীন আছে।

অন্য দুটি মামলার মধ্যে খুনের মামলাটি ছিল পলাশ হত্যা। ১৯৯৫ সালে মতিঝিলে খুন হন পলাশ। এ ঘটনায় দায়ের করা মামলায় মুরাদকে আসামি করা হয়। অভিযোগপত্রে তাঁর নাম ছিল। একই বছরে শাহজাহানপুরে একটি চাঁদাবাজির ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। এ দুটি মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি।