শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ওয়ান ইলেভেন সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে উচ্ছেদ ও তাঁকে হত্যা করার চেষ্টা হয়েছিল, এখনো তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে। এ জন্য জনগণকে সজাগ থাকতে হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত শুক্রবার সন্ধ্যায় পাবনার চাটমোহরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে এই দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। এ জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে হত্যা করে এই দেশে জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান ঘটানো হয়েছিল। স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধী শক্তি তাঁদের হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল।তিনি বলেন, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। তাই দেশের কল্যাণে আমাদের ব্যক্তিগত প্রত্যাশা ত্যাগ করতে হবে।চাটমোহর ডিগ্রি কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মকবুল হোসেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন।